সংবাদদাতা, কান্দি: রবিবার একটি সরকারি কর্মসূচিতে ওষুধ খাওয়ার পরই তিন শিশু অসুস্থ হয়ে পড়ে। ভরতপুর থানার মসজিদপাড়া এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই তিন শিশুকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখান থেকে একজনকে কান্দি মহকুমা হাসপাতাল রেফার করা হয়। বাকি দুই শিশু সুবান শেখ ও রনি শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওই দুই শিশুর দিদিমা আরোজা বিবি বলেন, এদিন সকাল ১০টার সময় হাসপাতালের দিদিমণি এসে শিশুদের ওষুধ খাইয়ে যায়। দুপুরের দিকে ওরা বমি করতে শুরু করে। এরপর বিকেলের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনিয়ে ভরতপুর-১ বিএমওএইচ সুবীরকুমার গোলদার অবশ্য কিছু বলতে রাজি হননি।



