Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে পৃথক দুর্ঘটনায় জখম ৫, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

ভরতপুরে পৃথক দুর্ঘটনায় জখম ৫, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার ভরতপুর থানা এলাকায় দু’টি পৃথক দুর্ঘটনায় পাঁচজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুই শিশু অল্পের জন্য রক্ষা পেয়েছে। পুলিস একটি বেসরকারি বাস ও একটি টোটো আটক করেছে। তবে বাসের চালক পলাতক। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে কান্দি-সালার রাজ্য সড়কের আঙারপুর গ্রামের কাছে। ভরতপুর গ্রামীণ হাসপাতালের কাছে একটি রেসরকারি ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করতে এসেছিলেন শুনিয়া গ্রামের আরাধন বিবি ও তাঁর বউমা হিনা বিবি। বেলা ১১টা নাগাদ রক্ত পরীক্ষার পর তাঁরা ফের টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন। ওই রাস্তার একটি বাঁক ঘোরার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে টোটোর চালক মঙ্গলদ্বীপ মণ্ডল ও দুই মহিলা যাত্রী জখম হন। স্থানীয় বাসিন্দারা তিনজনকেই ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। টোটো চালকের দুই পা ভেঙে যায়। মহিলা যাত্রী আরাধন বিবি গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাঁর বউমাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিনই দুপুরে বাবলা নদীর লোহাদহঘাট ফেরিঘাটে চালকহীন টোটোর ধাক্কায় দুই মহিলা জখম হন। অল্পের জন্য দুই শিশু রক্ষা পায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভরতপুর থানার ভালুইপাড়া গ্রাম থেকে পাঁচজন শক্তিপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখান থেকে দুপুরে ওই ফেরিঘাট হয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী গোল মহম্মদ শেখ বলেন, ফেরিঘাটে নৌকায় ওঠার জন্য একেবারে নদীর পাশে দুই শিশুকে নিয়ে অপেক্ষা করছিলেন দুই মহিলা। সেই সময় হঠাৎ করে একটি চালকহীন টোটো পাড়ের ঢাল বেয়ে নীচে নেমে আসে। দুই মহিলাকে পিছন থেকে ধাক্কা মারে টোটোটি। তাঁরা ছিটকে পড়ে যান। আর দুই শিশুকে টোটোটি টেনে নিয়ে গিয়ে একেবারে নদীর কিনারায় আটকে যায়। অল্পের জন্য দুই শিশু নদীতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। জখম দুই মহিলা ফুলেমা বিবি ও আসমা খাতুনকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ