Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরসা একজন অস্থায়ী ডাক্তার, বেহাল কিরীটেশ্বরী স্বাস্থ্যকেন্দ্র

ভরসা একজন অস্থায়ী ডাক্তার, বেহাল কিরীটেশ্বরী স্বাস্থ্যকেন্দ্র
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: লাটে উঠেছে নবগ্রাম ব্লকের আদিবাসী অধ্যুষিত কিরীটেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা। ফলে পেট ব্যথা, জ্বরের মতো সামান্য সমস্যায়ও মানুষকে ছুটতে হয় লালবাগ বা বহরমপুরে। এদিকে দীর্ঘদিন ধরে ইন্ডোর পরিষেবা বন্ধ। ইন্ডোর পরিষেবা চালুর পাশাপাশি বহির্বিভাগে সুষ্ঠু চিকিৎসার দাবিতে সরব হয়েছেন কিরীটেশ্বরী সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এসিএমওএইচ সুদীপকান্তি সরকার বলেন, কিরীটেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন স্থায়ী চিকিৎসক ছিলেন। কয়েক মাস আগে তাঁকে জঙ্গিপুরে বদলি করে দেওয়া হয়। আপাতত একজন অস্থায়ী চিকিৎসক দিয়ে কাজ চালানো হচ্ছে। ফলে একটু সমস্যা হচ্ছে। খুব শীঘ্রই একজন স্থায়ী চিকিৎসক নিয়োগ করা হবে। পাশাপাশি নতুন করে ইন্ডোর পরিষেবা চালুর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। 
Advertisement
নবগ্রাম থানার কিরীটেশ্বরী মৌজায় রয়েছে সতীপীঠ কিরীটেশ্বরী। মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত কিরীটেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের নিখরচায় চিকিৎসার জন্য ১৯৭২ সালে ১০ শয্যার এই হাসপাতালটি তৈরি হয়। সেই সময়ে বর্হিবিভাগের পাশাপাশি প্রসূতি বিভাগ ও ডায়েরিয়া বিভাগ চালু ছিল। আদিবাসী অধ্যুষিত কিরীটেশ্বরী, বিনোদপুর, ছামুডাঙা সহ ১৫-২০টি গ্রামের বাসিন্দা রাতবিরেতে চিকিৎসার জন্য এই হাসপাতালে ছুটে আসতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডোর পরিষেবা বন্ধ। বর্হিবিভাগেও চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধ। স্থানীয়দের অভিযোগ, একজন মাত্র চিকিৎসক থাকলেও তিনি নিয়মিত আসেন না। মাঝেমধ্যে আসেন, এক-দেড় ঘণ্টা কাটিয়ে ফিরে যান। ফলে স্থানীয় মানুষ সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। কিরীটেশ্বরী মন্দির কমিটির সম্পাদক সৌমিত্র দাস বলেন, আগে এলাকার মানুষ ইন্ডোর ও আউটডোর উভয় পরিষেবা পেতেন। অনেক আগেই ইন্ডোর পরিষেবা বন্ধ হয়েছে। বর্তমানে ন্যূনতম আউটডোর পরিষেবাও মেলে না। ফলে রাতবিরেতে চিকিৎসার জন্য ভাগীরথী পেরিয়ে লালবাগ বা ২০ কিলোমিটার দূরে বহরমপুরে ছুটতে হয়। স্থানীয় প্রশাসন থেকে লালবাগ মহকুমা ও জেলা স্বাস্থ্যদপ্তরে এই বিষয়ে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। কংগ্রেসের নবগ্রাম পূর্ব ব্লক কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিষয়ে ফলাও করে বলছেন। অথচ এক বছর আগে যে গ্রামটি দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে সেই গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি ধুঁকছে। নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, কিরীটেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন বিভাগ চালুর পাশাপাশি আরও উন্নত পরিষেবার জন্য জেলা স্বাস্থ্যদপ্তরের পাশাপাশি রাজ্যের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়েছে। খুব শীঘ্রই এই হাসপাতালটি নতুনভাবে সেজে উঠবে। 
সম্পর্কিত সংবাদ