Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঁড়ারিয়ার জঙ্গল ছাড়ল বাঘ

ভাঁড়ারিয়ার জঙ্গল ছাড়ল বাঘ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান: ভাঁড়ারিয়ার জঙ্গল ছাড়ল বাঘ। ফের অভিসার যাত্রা শুরু জিনাতের হাঁটা পথেই। গত রবিবার থেকে ভাঁড়ারিয়া, রাইক সংলগ্ন জঙ্গল এলাকাতেই ঘোরাফেরা করছিল ডোরাকাটা। বাঘের হদিশ পেতে জঙ্গলজুড়ে লাগানো হয়েছিল প্রায় ৭৫টি ট্র্যাপ ক্যামেরা। আকাশে ওড়ানো হচ্ছিল ড্রোন। বনদপ্তরের আটটি টিমের বনকর্মীরা মিলে সকাল থেকে রাত পর্যন্ত টহল দিচ্ছিলেন জঙ্গলে। তবুও বনদপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে বাঘ জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল। বনকর্মীরা জানতে পারলেন সেটা স্থানীয় সূত্রেই।
Advertisement
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ভাঁড়ারিয়ার অদূরে নেকড়ার কাছে বাঘটিকে চাক্ষুষ করেন ওই এলাকারই এক বাসিন্দা। বান্দোয়ান-কুইলাপালের পিচ রাস্তা পার হতে তিনি দেখেন। তাতেই আতঙ্ক ছড়ায়। ঘটনার কথা চাউর হতে খুব বেশি সময় লাগেনি। তরিঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। ওই ব্যক্তি যে মিথ্যা বলছেন না, তা প্রমাণ হয়ে যায় মুহূর্তেই। রাস্তার ধারে একটি জলাশয়ের পাশে মেলে বাঘের পায়ের ছাপ। এরপরেই ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেন বনদপ্তরের কর্মীরা। আগুন জ্বেলে শুরু হয় রাত পাহারা। তবে, বাঘকে খাঁচাবন্দি করতে শনিবার যে পরিকল্পনা নেয় বনদপ্তরের আধিকারিকরা, তা কার্যত মাঠে মারা যায়। 
বনদপ্তর সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই ভাঁড়ারিয়া জঙ্গলের একদিক জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। প্রায় চার কিলোমিটারের বেশি এলাকা জাল দিয়ে ঘেরা হয়। জঙ্গল লাগোয়া কেন্দাপাড়া, যমুনাগোড়া, রাহামদা, পোপো,
লেদাশাল সহ ভাঁড়ারিয়ার আশেপাশের প্রতি গ্রাম থেকে প্রায় ৩০ থেকে ৩৫জন করে লোককে প্রস্তুত থাকতেও বলা হয়। সূত্রের খবর, শনিবার সকাল থেকেই বাসিন্দারা জঙ্গলে প্রবেশ করানোর পরিকল্পনা নেওয়া হয়। সিদ্ধান্ত হয়,  হুলা পার্টির ধাঁচে একদিকে থেকে আওয়াজ করতে করবে যাবেন বাসিন্দারা। তাতে যদি বাঘ বের হয়, তাহলেই তাকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হবে। ঠিক যে স্টাইলে জিনাতকে বাগে আনা হয়েছিল, সেই স্টাইলেই এই বাঘকে ধরার প্রস্তুতি নিয়েছিল বনদপ্তর। কিন্তু, তাতে জল ঢেলে দেয় বাঘটি। শনিবার সকাল না হলে তার নতুন ডেরা বোঝা সম্ভব না বনদপ্তরের কর্মীদের।  প্রসঙ্গত, গত রবিবার থেকে বান্দোয়ানের ভাঁড়ারিয়া পাহাড়ের জঙ্গলেই ডেরা বেঁধেছিল পুরুলিয়ার ‘নতুন অতিথি’। জঙ্গল ছেড়ে যাওয়ার যেন নামই নিচ্ছিল না সে! শুক্রবারও ভাঁড়ারিয়ার জঙ্গলে যমুনাগোড়ার কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। ওই এলাকায় বৃহস্পতিবার সকালেও বাঘের দেখা পাওয়া গিয়েছিল বলে দাবি গ্রামের এক বাসিন্দার। গ্রামের একটি জলাশয়ে সকালে বাঘটি জল খেতে নেমেছিল। তা দেখেই আতঁকে উঠে ওই ব্যক্তি ছুটে পালিয়ে যান। বাঘের পায়ের ছাপও দেখে যায় ওই এলাকায়। 
বৃহস্পতিবার রাতে আবার কেন্দাপাড়ায় বাঘের দেখা মেলে বলে দাবি করেন এক গৃহবধূ। ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তখনই তিনি বাঘের দেখা পান বলে দাবি। তাঁর চিৎকার চেঁচামেচিতে গ্রামের আরও লোকজন জড়ো হন। বাঘটি পালিয়ে যায়। শুক্রবার রাতে ফের বাঘের দেখা মিলল। বনদপ্তরের মুখ্য বনপাল (কেন্দ্রীয় চক্র) এস কুলান ডাইভাল বলেন, বাঘ ধরার সবরকম চেষ্টাই আমরা করছি।
সম্পর্কিত সংবাদ