পাটনা: চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে ভোটের হাওয়া উঠতে শুরু করেছে। সরকারকে নিশানা করে আক্রমণ শানাচ্ছে বিরোধী আরজেডি। শনিবার দলের নেতা তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘রাজ্যে ১৫ বছরের পুরনো গাড়ি নিষিদ্ধ। কারণ এগুলি দূষণ ছড়ায়। জনগণের ক্ষতি করে। ঠিক তেমনই নীতীশ কুমারের নেতৃত্বাধীন ২০ বছরের এনডিএ সরকারও ‘লড়ঝড়ে’ হয়ে গিয়েছে। জনগণের উপর রীতিমতো বোঝা হয়ে দাঁড়িয়েছে। সময় এসে গিয়েছে। অবিলম্বে দুই দশকের পুরনো এই সরকারকে সরিয়ে দেওয়া দরকার।’
Advertisement
এদিন এক্স হ্যান্ডেলে নীতীশ কুমারের সরকারকে খোঁচা দিয়ে তেজস্বী বলেন, বিগত ২০ বছরে এই সরকার বিহারের অলিগলিতে দারিদ্রতা, বেকারত্ব, অপরাধ, দুর্নীতির দূষণ ছড়িয়েছে। দুই দশকের মধ্যে দুই প্রজন্মের জীবন নষ্ট করে দিয়েছে। এই সরকার রাজ্যের মানুষের কাছে বোঝা। তাই রাজ্যের যুবশক্তি পণ করেছে, এই পুরনো, নড়বড়ে, অসুস্থ , ক্লান্ত সরকারকে বাদ দিয়ে নতুন চিন্তাভাবনার সরকারকে আনবে। যে সরকার বিকাশে ও উন্নয়নমূলক কাজে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। নতুন বিহার তৈরি করবে। তবে নীতীশকে আক্রমণ করলেও রাজ্যে আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত করতে পারেনি বিরোধী জোট। সূত্রে খবর, শীঘ্রই দিল্লিতে বিহার প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেস হাইকম্যান্ড। তারপরই আরজেডির সঙ্গে পাকাপাকিভাবে আসন ভাগ নিয়ে বৈঠক করবে হাত শিবির। শোনা যাচ্ছে, ২০২০ সালের ফলাফল থেকে শিক্ষা নিয়ে এবার আসন ভাগের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেবে তারা। অতিরিক্ত আসন নয়। বরং যে আসনে জয় নিশ্চিত সেগুলিকেই টার্গেট করবে রাহুল গান্ধীর দল। ফাইল চিত্র



