Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহারের চেয়েও বেশি ছট পুজো হয় বাংলায়, তক্তাঘাটে বললেন মমতা

বিহারের চেয়েও বেশি ছট পুজো হয় বাংলায়, তক্তাঘাটে বললেন মমতা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার বন্দর সংলগ্ন তক্তাঘাটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিহারের চেয়েও বেশি ছট পুজো বাংলায় হয়। এরাজ্যে চিরকাল পরম্পরা বজায় থাকবে। এখানে আমরা কোনওরকম বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না। আমরা সমস্ত ধর্মকেই ভালবাসি। এখানে সবাই সব ধর্মের উৎসবকে নিজেদের উৎসব বলে মনে করে। আমরা নিজেদের মতো করে তা পালনও করি। রাজ্য সরকার ছট পুজোতে দু'দিন ছুটি দিয়েছে। যাতে আপনারা ভালভাবে পুজো করতে পারেন। পাশাপাশি সকলকে ছট পুজো উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে মমতা বলেন, সকলে মিলে উৎসবে সামিল হোন। তবে কোথাও যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। ছট পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই গঙ্গার ঘাটগুলিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মমতা বলেন, পুজোর জন্য ঘাটে একদম তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে ঘাটের দিকে যাবেন। কোনও দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে সকলকেই নজর রাখতে হবে।
Advertisement
এবারে ছট পুজো নিয়ে গানও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে নিজেই একথা নিজেই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ছটপুজো মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে হয়ে থাকে। তবে এখন পশ্চিমবঙ্গেও এই পুজো সাড়ম্বরে পালিত হয়।
সম্পর্কিত সংবাদ