নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে বিষ্ণু দাস নামের এক যুবককে নিজেদের হেফাজতে নিল বহরমপুর থানার পুলিস। ধৃতকে রবিবার গ্রেপ্তার করে ফরাক্কা থানা। তাকে মঙ্গলবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।
Advertisement
জানা গিয়েছে, বহরমপুরের একটি বস্তি এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। গত শুক্রবার বিকেলে ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে ওই যুবক তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবলিকা চিৎকার করলে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়। খবর পেয়ে সেখানে হাজির হয় বহরমপুর থানার পুলিস। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু হয়। ঘটনার পর বহরমপুর ছেড়ে ফরাক্কায় পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তারপর, রবিবার সকালে ফরাক্কার এক ভবঘুরেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিষ্ণু। এলাকাবাসী জানতে চাইলে নিজেকে আরপিএফের ‘বড়বাবু’ বলে পরিচয় দেয় সে। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। ফরাক্কা রেল স্টেশনের আরপিএফের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, ওই নামে কোনও আধিকারিক নেই। খবর পেয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃত বিষ্ণু দাসের বাড়ি সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়ায়। অভিযুক্ত যুবকের স্ত্রীও তার নামে একাধিক অভিযোগ তুলছেন। ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, অভিযুক্ত যুবককে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলাম।



