Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরের ‘বাইপাস’ রাস্তার সংস্কারে হাত দিল জেলা পরিষদ

বহরমপুরের ‘বাইপাস’ রাস্তার সংস্কারে হাত দিল জেলা পরিষদ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: চালতিয়া শ্রীগুরু পাঠশালা থেকে ১২ নম্বর জাতীয় সড়কের ভাকুড়ি মোড় পর্যন্ত রাস্তা সংস্কারে হাত দিল মুর্শিদাবাদ জেলা পরিষদ। ১২নম্বর জাতীয় সড়ক থেকে বহরমপুর শহরে ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি  দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বেশ কয়েক জায়গা যাতায়াতের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে রাস্তাটি সংস্কারে হাত লাগিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদ। প্রায় ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কার শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Advertisement
মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজোহা বিশ্বাস বলেন, রাস্তাটির বেশ কয়েক জায়গা খানাখন্দ হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। প্রচুর গাড়ি যাতায়াত করে রাস্তা দিয়ে। অসুবিধার কথা বিবেচনা করেই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। 
হরিহরপাড়া থেকে বহরমপুর ঢোকার প্রধান করিডোর হিসেবে ব্যবহৃত হয় রাস্তাটি। এছাড়া শহরের যানজট এড়াতে বহু মানুষ জাতীয় সড়কে উঠতে এই রাস্তায় যাতায়াত করেন। জাতীয় সড়ক থেকেও বহু গাড়ি এই রাস্তা ধরে শহরে ঢোকে। চালতিয়া বিলের উত্তর প্রান্ত ঘেঁষেই রাস্তাটি শ্রীগুরু পাঠশালা থেকে ভাকুড়ি মোড়ে উঠেছে। চালতিয়া বিলের শেষ প্রান্তে রয়েছে শিয়ালদহ লালগোলা শাখার রেলগেট। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের বাইপাস রাস্তা হিসেবেই সকলে ব্যবহার করে আসছেন। এলাকার বাসিন্দা বিজন হালদার বলেন, রাস্তার ধার ঘেঁষেই রয়েছে জনবসতি। তার উল্টো দিকে চালতিয়া বিল। রাস্তা খারাপের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত। সংস্কার হলে সমস্যা মিটবে। 
শ্রেয়সী পাল বলেন, রাস্তা খারাপের কারণে পড়ুয়াদের বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। আর সেই আতঙ্ক থাকবে না।
সম্পর্কিত সংবাদ