Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরের হাটগাছায় ট্রান্সফরমারে ফিউজ তার জুড়তে গিয়ে কৃষকের মৃত্যু

বহরমপুরের হাটগাছায় ট্রান্সফরমারে ফিউজ তার জুড়তে গিয়ে কৃষকের মৃত্যু
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। সোমবার সকালে ঝুঁকি নিয়ে ট্রান্সফরমারে উঠে ফিউজের তার জুড়তে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানেই মৃত অবস্থায় ঝুলে থাকেন। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে স্থানীয় মানুষ মৃতদেহ নামান। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার হাটগাছা গ্রামের মাঠে। মৃত কৃষকের নাম তাবারক শেখ (৪০)। বাড়ি ওই গ্রামেই। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে জল সেচের জন্য সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান পেশায় ভাগচাষি তাবারক শেখ। সাবমার্সিবল চালাতে গিয়ে দেখেন একটা তারে বিদ্যুৎ নেই। ট্রান্সফরমারের কাছে গিয়ে দেখেন ফিউজ উড়ে গিয়েছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কোনও খবর না দিয়েই তিনি ফিউজের তার জুড়তে ট্রান্সফরমারে ওঠেন। মাথার উপর ছিল এগারো হাজার ভোল্টের লাইন। তার সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। মাঠের অন্য চাষিরা ছুটে এসে দেখেন সেখানেই ঝুলছেন তাবারক শেখ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্টন দপ্তরে ফোন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। মৃতের ভাই মোবারক শেখ বলেন,বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ডাকা হলেও তাঁরা ফিউজ জুড়তে আসেন না। বাধ্য হয়ে চাষিদের ঝুঁকি নিয়েই ফিউজের তার জুড়তে হয়। দাদা এর আগে বহুবার ট্রান্সফরমারে উঠে ফিউজের তার জুড়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এদিন পোলে উঠেছিল।
সম্পর্কিত সংবাদ