সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ পাল(৩১)। বাড়ি বহরমপুরের কাশিমবাজার ভাটপাড়া। শুক্রবার দুপুরে বহরমপুর-ডোমকল রাজ্য সড়কে নিশিদবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অভিজিতের মৃত্যু হয়। ঘটনার পর ওই রাস্তায় যানজট হয়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস জানিয়েছে, ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিজিৎবাবু এদিন বাড়ি থেকে বেরিয়ে নিজের বাইকে বিশেষ কাজে ইসলামপুর যাচ্ছিলেন। নিশিদবাগ এলাকায় বহরমপুরগামী একটি বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। অভিজিৎবাবু বাইক থেকে ছিটকে পড়েন। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী দীপক মণ্ডল বলেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে আসছিল। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



