সংবাদদাতা, বহরমপুর: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে শিয়ালদহ লালগোলা শাখার ফাঁসিতলা এলাকায়। মৃত যুবকের নাম অর্পণ দত্ত (২৬)। বাড়ি বহরমপুরের দয়ানগরে। বহরমপুর জিআরপি থানার পুলিস জানিয়েছে, মৃতের পরিবার দেহ শনাক্ত করেছে। তাঁদের দাবি ওই যুবক আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেধাবী ছাত্র ছিলেন অর্পণ। কিন্তু চাকরি না পাওয়ায় অবসাদে ভুগছিলেন। সহপাঠীদের অনেকে চাকরি পাওয়ায় হতাশা কাজ করছিল। মঙ্গলবার বিকেলে চা খাব বলে মায়ের কাছে ত্রিশ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তার ঘন্টা খানেকের মধ্যেই বাড়িতে মৃত্যু সংবাদ আসে। মৃতের বন্ধু সায়ন্তন সরকার বলেন, খুবই মেধাবী ছাত্র ছিল। কিন্তু চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিল।
Advertisement



