Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ৪টি সেভেন এমএম পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার ১

বহরমপুরে ৪টি সেভেন এমএম পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার ১
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: অশান্ত বাংলাদেশে সেভেন এমএম পিস্তলের ব্যাপক চাহিদা। ওপারের দুষ্কৃতীদের চাহিদা পূরণে অস্ত্র কারবারে নেমেছে সীমান্তের পাচারকারীরা। ধুলিয়ান থেকে বহরমপুর হয়ে অস্ত্র যাচ্ছে জলঙ্গিতে। তারপর খোলা সীমান্ত পেরিয়ে তা ওপারে চলে যাচ্ছে। এভাবেই অস্ত্র পাচার করতে গিয়ে বহরমপুরে পুলিসের হাতে ধরা পড়ল এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সোহান রেজা মণ্ডল। তার বাড়ি জলঙ্গির ঘোষপাড়ায়। বুধবার সকালে চারটি সেভেন এমএম পিস্তল সহ তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে সে বহরমপুর হয়ে জলঙ্গি নিয়ে যাচ্ছিল। পুলিস জানিয়েছে, ধৃতের কাছ থেকে পিস্তল ছাড়াও আটটি ম্যাগাজিন ও ১৩০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে বুধবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
Advertisement
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর স্টেডিয়ামের কাছে আমরা অভিযান চালাই। সেখান থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। কোথা থেকে সে অস্ত্র সংগ্রহ করেছিল এবং কীভাবে সে পাচার করত, তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান থেকে এই অস্ত্র সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। মোটা টাকার ‘ডিল’ ছিল। বর্তমান পরিস্থিতিতে ওপারের মাফিয়াদের কাছে ছোট সেভেন এমএম পিস্তলের ভালো চাহিদা রয়েছে। তাই এপারের পাচারকারীরা এখন সরাসরি বিহার ও ঝাড়খণ্ড থেকে অস্ত্র আনিয়ে ওপারে বিক্রির চেষ্টা চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ