নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার দুপুরে বহরমপুরে দু’টি পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নিয়াল্লিশপাড়া গোয়ালজন গ্রাম পঞ্চায়েত এলাকায় গোয়ালজন রিফিউজি প্রাইমারি স্কুলের পাঁচিলে কে বা কারা দু’টি পোস্টার সাঁটিয়ে দেয়। স্থানীয়রা তা দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিস এসে ওই পোস্টারগুলি সরিয়ে দেয়। সাদা কাগজে কালো কালিতে ওই পোস্টারের একটিতে লেখা ছিল, গ্রামে অবৈধভাবে তোলাবাজি চলছে। আর একটি পোস্টারে লেখা হয়, সব দল এক হও, তোলাবাজদের হটিয়ে দাও। এই দু’টি পোস্টার নিয়ে এলাকায় বেশ চর্চা শুরু হয়েছে। কে বা কারা ওই পোস্টার সাঁটিয়েছে পুলিস খতিয়ে দেখছে।



