নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের খাগড়া সোনাপট্টিতে কালিকাপুজো ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। শনিবার সন্ধ্যা থেকে পুজো শুরু হয়েছে। চারদিন ধরে দুর্গাপুজোর মতো সাড়ম্বরে এই পুজো হয়। গত ৯৪ বছর ধরে এই পুজো হচ্ছে কালিকাতলায়। প্রায় পাঁচ হাজার স্বর্ণশিল্পী পুজোর সঙ্গে জড়িত আছেন। সরু গলির মধ্যে পুজোর আয়োজন করা হয়। তার জন্য বাড়তি পুলিস মোতায়েন করা হয়। পুজো শেষে আগামী বুধবার ধুমধাম করে শোভাযাত্রা হবে। তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলোকসজ্জা এবং বিভিন্ন ব্যান্ডপার্টি দল অংশগ্রহণ করবে। যা দেখতে বহরমপুর শহরের রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষজন ভিড় করেন। পুজো কমিটির উপদেষ্টা অশোক দাস বলেন, মানুষের ঐতিহ্য জড়িয়ে আছে পুজোর সঙ্গে। আমরা প্রতিবছর ধুমধাম করে মা কালিকার পুজো করি। এখানে দেবী দর্শনে দূর দূরান্ত থেকে মানুষ আসে। স্বর্ণ শিল্পীদের কাছে এটাই কার্যত দুর্গোৎসব। কালিকা মাতা অত্যন্ত জাগ্রত। মানুষের মনস্কামনা পূরণ হয় বলে সকলে এই পুজোয় অংশ নেয়।



