সংবাদদাতা, বহরমপুর: জেলায় অপ্রীতিকর ঘটনার জেরে এবার বহরমপুর সদর মহকুমার সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হল। সোমবার রাত ৮টা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বহরমপুর মহকুমার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত অনশপগুলিও। মুর্শিদাবাদ জেলার বহরমপুর আফগারি দপ্তরের এক আধিকারিক বলেন, জেলা প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করেই বহরমপুর সদর মহকুমার সমস্ত প্রকারের মদ বিক্রি সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে জেলার বাকি চার মহকুমায় এই নির্দেশিকা কার্যকর হবে না। বেলডাঙার পরিস্থিতি স্বাভাবিক করতে ১৭ নভেম্বর থেকে জেলার সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে নেট পরিষেবা স্বাভাবিক করার কথা ছিল। এরমধ্যে সোমবার বিকেলে প্রশাসনের এক কর্তার গাড়িতে হামলা চালানোয় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়। আর তারপরই ইন্টারনেট পরিষেবার সঙ্গে বহরমপুর সদর মহকুমার মদের দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে। তবে কবে স্বাভাবিক হবে এখনও প্রশাসনের কর্তারা জানাতে পারেননি। তাঁদের দাবি, বেলডাঙার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
Advertisement
আফগারি দপ্তর সূত্রে খবর, বহরমপুর সদর মহকুমায় ৬২টি মদের দোকান রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি অনশপ (বার) রয়েছে। বেশ কয়েকটি হোটেলেও বার রয়েছে। সেগুলিও একইসঙ্গে এই সময়ে বন্ধ রাখা হয়েছে। এদিকে, বৈধ মদের দোকান বন্ধ রাখায় বহরমপুর শহরে মদের ব্যাপক কালোবাজারি শুরু হয়েছে। সোমবার রাত থেকেই গোপনে মদ বিক্রির রমরমা কারবার শুরু হয়েছে। কালোবাজারি ঠেকাতে বহরমপুর থানার পুলিস ও আফগারি দপ্তর নজরদারি শুরু করেছে। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, বেশরভাগ মদের দোকানেই পুলিস পাহারা দিয়ে কালোবাজারি ঠেকাচ্ছে। এর বাইরে কোথাও গোপনে মদ বিক্রির খবর এলে দশ মিনিটের মধ্যেই সেই জায়গায় পুলিস পৌঁছে যাচ্ছে।



