সংবাদদাতা, বহরমপুর: বৃহস্পতিবার রাতে বিয়ে ও শবেবরাতে শব্দবাজির তাণ্ডব বহু মানুষের ঘুম কাড়ল। শব্দদূষণে অতিষ্ঠ মানুষের অভিযোগ, পুলিস তাদের ভূমিকা পালন করেনি। রাত ১০টার পরও দেদার শব্দবাজি ফাটানো হয়েছে। শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও পুলিসের নজর এড়িয়ে কীভাবে সেগুলি বিক্রি হচ্ছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার মাঘ মাসের শুভদিন উপলক্ষ্যে প্রচুর বিয়ে ছিল। সেইসঙ্গে একই দিনে পড়েছে শবেবরাত। দুই উৎসবে শব্দবাজি ফাটানোয় বহরমপুর শহরে কান পাতা দায় হয়ে উঠেছিল। বহু মানুষ রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি। বহরমপুর শহরের নিমতলার বাসিন্দা অমিয় চৌধুরী বলেন, অনুষ্ঠানে বাজি ফাটবে এটাই স্বাভাবিক। তবে শব্দবাজি ফাটিয়ে মানুষের রাতের ঘুম যাতে নষ্ট না করা হয়, সেটা দেখার দায়িত্ব পুলিসের। চুয়াপুরের বাসিন্দা রাজীব শীল বলেন, শব্দবাজি বিক্রি বন্ধ করতে পুলিসের আরও কঠোর হওয়া উচিত। বিক্রি বন্ধ করতে পারলে এই তাণ্ডব হতোই না।



