Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে রাজ্য সড়কের ধারে নয়ানজুলি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বহরমপুরে রাজ্য সড়কের ধারে নয়ানজুলি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। বুধবার সকালে ওই ব্যক্তিকে বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়কের উপর কাঁটাবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার নয়ানজুলি থেকে উদ্ধার করে বহরমপুর থানার পুলিস। জলে মুখ ডোবা অবস্থায় পড়ে ছিলেন। রাস্তার উপর পড়েছিল সাইকেল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পরিমল বন্দ্যোপাধ্যায়(৩২)। বাড়ি বহরমপুর থানার ইন্দ্রপ্রস্ত এলাকার চাতরা। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। গাড়ির ধাক্কায় দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বহরমপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন পরিমলবাবু। মেয়েকে নিয়ে বাড়িতে অশান্তি চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ মামা তপন চক্রবর্তীকে ফোনে তাঁর বাড়ি যাচ্ছেন বলে জানান। সেইমতো সাইকেল নিয়ে হরিহরুয়াড়া থানার বহরাণে মামার বাড়ির উদ্দেশ্যে বের হন। তপনবাবু বলেন, আমাকে বলল আমার বাড়ি আসছি। রাত ১০ টা পর্যন্ত না আসায় আমি বারবার ফোন করি। কিন্তু সুইচ অফ ছিল। বুধবার সকালে রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে মাথা ডোবা অবস্থায় পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা দেখে বহরমপুর থানায় খবর দেন। পুলিস দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিমলবাবুর সাইকেলটি রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে। মৃত্যু রহস্যের ধোঁয়াশা কাটেনি।
সম্পর্কিত সংবাদ