সংবাদদাতা, বহরমপুর: পথদুর্ঘটনায় একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রসেনজিৎ বিশ্বাস (৪২)। সোমবার ভোরে বহরমপুর ও মুর্শিদাবাদ থানা এলাকার মাঝে চুনাখালি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, সেখানে বহরমপুর-ভগবানগোলা রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারেন প্রসেনজিৎবাবু। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার জানিয়েছে, প্রসেনজিৎবাবু ধুলিয়ানে একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। শনিবার ভাইফোঁটায় বাড়ি গিয়েছিলেন। সোমবার অফিসে যোগ দেওয়ার জন্য অন্ধকার থাকতেই বাইক নিয়ে বের হন। শর্টকাট হিসেবে ভগবানগোলা-লালগোলা রাস্তা ধরে ধুলিয়ান যাচ্ছিলেন। সোমবার ভোরে তাঁকে রাজ্য সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাইকটি গাছে ধাক্কা খাওয়ার পর পাশে ছিটকে পড়েছিল। খবর পেয়ে বহরমপুর থানার পুলিস দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যায়। মৃতের আত্মীয় আকাশ বিশ্বাস বলেন, পুলিসের কাছে খবর পেয়ে আমরা তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছই। মনে হচ্ছে, বাইক চালানোর সময় তন্দ্রাছন্ন হয়ে গাছে ধাক্কা মেরেছিল।
Advertisement



