নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রসূতি মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে বহরমপুরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। শিবপুরের বাসিন্দা বছর কুড়ির চম্পা দাসকে গত ২০ অক্টোবর বহরমপুরের একটি নার্সিংহোমে সন্তান প্রসবের জন্য ভর্তি করানো হয়। সন্তান প্রসবের পর শিশুটির অবস্থা একটু সঙ্কটজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ওই নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রসূতি। গত ২৩ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ঘটনার ৪৫দিন পর রবিবার বহরমপুর থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। মৃতার বাবা সুদীপ দাস বলেন, নার্সিংহোম চিকিৎসা করেনি বলেই আমার মেয়ে মারা গিয়েছে। আমার নাতি জন্ম নেওয়ার একদিন পর মেয়ে মারা যায়। নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়েছি। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ওই ব্যক্তি নার্সিংহোমের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন। রবিবার বহরমপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন। আমরা একটা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।



