সংবাদদাতা, বহরমপুর: তিন মাস আগে আত্মঘাতী হয়েছে ছেলে। একমাত্র ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরে রবিবার সকালে একই জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বাবা। মৃতের নাম ব্রহ্মপদ দাস ওরফে চাঁদু মিস্ত্রি(৫৩)। বাড়ি বহরমপুর থানার আধারমানিক এলাকায়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ব্রহ্মপদবাবুর ছেলে। ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না ব্রহ্মপদবাবু। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ছেলে যেখানে গলায় ফাঁস দিয়েছিলেন সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন বহরমপুর থানার খবর দেন। মৃতের ভাইপো হীরালাল দাস বলেন, কাকা ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন।



