নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের রাধারঘাটের প্রাক্তন তৃণমূল নেতা প্রদীপ দত্ত খুনের ঘটনায় এক শার্প শ্যুটারকে পুলিস গ্রেপ্তার করল। ধৃতের নাম আকাশ দত্ত। বাড়ি রাধারঘাটের গোয়ালজান এলাকায়। ঘটনার পর সে উত্তরপ্রদেশে পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটি টিম উত্তরপ্রদেশে হানা দেয়। অভিযুক্তকে পাকড়াও করে উত্তরপ্রদেশ থেকে ধরে আনা হয়েছে বলে পুলিস জানিয়েছে। তাকে শনিবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হন প্রদীপবাবু। রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের গোয়ালজান নাথপাড়ায় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করে। অভিযুক্তদের মধ্যে একজন ছিল আকাশ। ঘটনার পর সে গা ঢাকা দিয়েছিল। জানা গিয়েছে, প্রদীপবাবু এক সময় কংগ্রেসের উপপ্রধান ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। বহরমপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতিও হন। গত বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন। ইদানীং জমি বেচাকেনা ও প্রোমোটারির কাজ করছিলেন। গোয়ালজান এলাকায় তাঁর একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। তাঁকে খুনের পিছনে ব্যবসা সংক্রান্ত বিবাদ আছে বলে পুলিস জানিয়েছে। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতার বিষয়টি সামনে আসছে। যে দু’জন গুলি চালিয়েছিল, তাদের আগেই চিহ্নিত করা হয়। ঘটনার পর অভিযুক্তরা অন্য রাজ্যে গা ঢাকা দেয়। অভিযুক্ত আকাশকে উত্তরপ্রদেশ থেকে ধরে আনা হয়েছে। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। প্রদীপবাবুকে খুনের ঘটনায় এনিয়ে মোট দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। এর আগে বুবাই দাস নামে এক টিপারকে গ্রেপ্তার করেছিল পুলিস। বুবাইয়ের কাছ থেকে তথ্য পেয়েই খুনের দিন প্রদীপবাবুর গ্রামে হানা দেয় দুই শার্প শ্যুটার। প্রদীপবাবু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রাস্তায় তাঁকে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ১৬দিন পর মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করল পুলিস।



