নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: অন্যের বাবা সেজে আধার কার্ড করে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল একজন। বহরমপুরের ফরাসডাঙায় আধার কেন্দ্র থেকে বৃহস্পতিবার বিকেলে মুজিবর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রেজিনগর থানার লোকনাথপুরে। অভিযোগ, ওই ব্যক্তি এক মহিলার বাবা সেজে তাঁকে আধার কার্ড তৈরি করিয়ে দিচ্ছিল। ধৃতকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যে মহিলা আধার কার্ড করাতে এসেছিল, তাকেও পুলিস থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিস। মুর্শিদাবাদ জেলাজুড়ে জাল নথি দিয়ে আধার কার্ড তৈরির ঘটনা নতুন নয়। গত সপ্তাহে লালগোলা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা বাংলাদেশ থেকে এসে ভুয়ো পরিচয় দিয়ে আধার কার্ড বানিয়ে নিয়েছিল। তারপর এদিন বহরমপুর থেকে ভুয়ো আধার কার্ড তৈরিতে গ্রেপ্তারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
বহরমপুর থানার এক আধিকারিক বলেন, ওই কেন্দ্রে একজন ব্যক্তিকে বাবা সাজিয়ে আধার কার্ড তৈরি করা হচ্ছিল। এখবর পেয়ে আমরা দু’জনকে থানায় নিয়ে আসি। তারপর একজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।



