নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে শনিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এক সমাবেশ আয়োজিত হয়। সেখানে নাখোদা মসজিদের ইমাম মাওলানা মহম্মদ শাফিক কোয়াসমি, সাংসদ আবু তাহের খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। নাখোদা মসজিদের ইমাম বলেন, অবিলম্বে এই বিল বাতিল করা হোক। রাজ্যজুড়ে আমরা এই বিল বাতিলের দাবিতে পথে নেমেছি। সাংসদ বলেন, বিরোধীদের একজোট হয়ে এই বিল পাশ আটকাতে হবে। বিজেপি সরকার যেভাবে ওয়াকফ বিল পাশ করাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা শাখার তরফে আবদুল রাজ্জাক বলেন, বহু ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারাও সমাবেশে হাজির ছিলেন। মাদ্রাসা শিক্ষা নিয়েও অপপ্রচার চলছে। এদিনের সভা থেকে সেবিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।



