নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ১৪ বছরের এক নাবালিকা অপহৃত হল। ঘটনায় বহরমপুরের গোয়ালজান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বহরমপুর থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়। তার বাড়ি খাগড়া এলাকায়। তাকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
বহরমপুর থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় তার স্ত্রীও যুক্ত আছে বলে আমাদের অনুমান। তার কাছেই অপহৃত মেয়েটি আছে। তাকে উদ্ধার করার চেষ্টা চলছে। কী কারণে ওই ছাত্রীকে অপহরণ করা হল, তা আমরা খতিয়ে দেখছি।



