সংবাদদাতা, বহরমপুর: মোটরবাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটর বাইকের আরও দুই আরোহী। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বহরমপুর-কান্দি রাজ্য সড়কের উপর কলাবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনজনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম আলি নুর জামাল(১৮)। মৃত ও জখমদের বাড়ি বহরমপুর থানার পর্বতপুরে। আহত একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে বহরমপুর থানার পুলিস। জানা গিয়েছে, বুধবার রাতে তিনবন্ধু একটি মোটর বাইকে জীবন্তি যাচ্ছিলেন। আলি নুর জামাল বাইক চালাচ্ছিলেন। বহরমপুর থানার কলাবাগান এলাকায় উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়েন। মোটর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন মৃতের এক আত্মীয় বলেন, কী কারণে ওরা যাচ্ছিল তা আমরা সঠিক জানি না। তবে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল বলেই শুনেছিলাম।



