সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর স্টেডিয়াম মাঠে ১৫তম মহকুমা স্তরের মাদ্রাসা স্পোর্টস মিট হয়ে গেল। একদিনের মাদ্রাসা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই প্রথম অংশ নিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের জয়হিন্দ বাহিনী। এছাড়া বহরমপুর সদর মহকুমার ৫০টি স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। পুরুষ ও মহিল বিভাগের ৩১টি করে ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়েছে। প্রত্যেক ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী আগামী ৭ জানুয়ারি জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। এই স্টেডিয়াম মাঠেই ওই প্রতিযোগিতা হবে। মাদ্রাসা বোর্ডের জেলা কমিটির সদস্য মহম্মদ হজরতুল্লাহ বলেন, এবার প্রতিযোগীর সংখ্যা অনেক বেড়েছে। খেলার প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়ছে। শনিবারই বহরমপুর সদর মহকুমা মাদ্রাসা বোর্ডের প্রতিযোগিতা হয়ে গেল। সিনিয়র হাই মাদ্রাসা, এমএসকে, জুনিয়র হাই মাদ্রাসা, আনএডেড মাদ্রাসার মোট ৫৫০জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিল। ঝুনকা হাই মাদ্রাসার পড়ুয়া সুন্দর খাতুন বলে, ডিসকাস ও শটপট থ্রোতে প্রথম হয়েছি। আশা করি এবাররাজ্য স্তরে অংশগ্রহণ করতে পারব। ভাবতা মেমোরিয়াল হাই মাদ্রাসার শবনুর খাতুন ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে। সে বলে পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে রোজ অনুশীলন করি। এতে শরীর ও মন দুই ভালো থাকে। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসনের ডিএমডিসি সন্দীপ ভট্টাচার্য।



