সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে ভৈরব পুজো দিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হল। শনিবার রাত ৯টা নাগাদ বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়কে গজধরপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবাশিস শর্মা(৪২)। বাড়ি বহরমপুর থানার সৈসাবাদ নিমতলা। তবে দীর্ঘদিন ধরে পরিবার সহ হরিহরপাড়া থানার বহরাণে থাকতেন। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। লরিটি আটক করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবাশিসবাবু বহরমপুরের একটি ক্যাটারিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার বহরমপুরে ভৈরব পুজো ছিল। দেবাশিসবাবু উপবাস করেছিলেন। রাতে অঞ্জলি দিয়ে নিজের ও পরিবারর সবার জন্য প্রসাদ নিয়ে বহরাণ ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গজধরপাড়ার বিপরীতমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের আত্মীয় পবিত্র দাস বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসে মৃত অবস্থায় দেখি। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরবাইকে প্রসাদের প্যাকেট ঝুলছিল।
Advertisement
মন্দিরে পড়ে গিয়ে সন্ন্যাসীর মৃত্যু: মন্দিরে পড়ে গিয়ে এক সন্ন্যাসীর মৃত্যু হল। মৃতের নাম নরেশচন্দ্র বাগ(৫৬)। শনিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের বাড়ি কান্দি থানার গোকর্ণ জিনপাড়ায়। তবে নরেশবাবু বহরমপুর গোরাবাজার শ্মশান সংলগ্ন একটি মন্দিরে থাকতেন। সেখানেই পড়ে গিয়ে গুরুতর জখম হন। মৃতের ভাইপো গয়ানাথ বাগ বলেন, ক্ষতস্থান থেকে ইনফেকশন ছড়িয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।



