সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমিকে(বিওয়াইসিএ) ৯৬ রানে হারাল সবুজ সঙ্ঘ সেবা সমিতি। শনিবার বহরমপুর স্টেডিয়াম মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সঙ্ঘ ৪১.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে। এরপর সেই রান তাড়া করতে নেমে ৩৬ ওভারে সব উইকেট হারিয়ে বিওয়াইসিএ’র স্কোর হয় ১৩১। এদিনের খেলায় বিওয়াইসিএ’র সামিম শেখ অর্ধশতরান করেন। সবুজ সঙ্ঘের দুই খেলোয়াড় ফারুক হোসেন ও পিরাজ শেখ তিনটি করে উইকেট নেন।
Advertisement
শনিবার থেকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩ সীমিত ওভারের লিগ পর্বের খেলা শুরু হল। প্রথমদিন বহরমপুর আর্ট অ্যান্ড আর্টিস্ট দলকে ৭ উইকেটে হারাল কাশিমবাজার স্পোর্টিং অ্যাকাডেমি(সিএসএ)। এদিন কাশিমবাজার মাঠে নির্ধারিত ৩৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারেই ১০ উইকেট হারায় আর্ট অ্যান্ড আর্টিস্ট দল। তারা মাত্র ৭৫ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ১৪ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে সিএসএ। তারা তিন উইকেট হারিয়ে ৭৮ রান তুলে নেয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, সিনিয়র ফার্স্ট ডিভিশন লিগের খেলা হওয়ার পাশাপাশি আজ থেকে অনূর্ধ্ব-১৩ লিগ পর্বের খেলা শুরু হয়েছে।



