Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ঝোপের মধ্যে পচাগলা দেহ উদ্ধার, রহস্য

বহরমপুরে ঝোপের মধ্যে পচাগলা দেহ উদ্ধার, রহস্য
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের নওদাপাড়া এলাকায় রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে একটি পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন। বহরমপুর থানার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, নাকি তাঁর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, দেহ ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওখানে দেহ এল, সেবিষয়েও আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলের পাশেই রেল লাইন। তাই ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে কি না, পুলিসের তরফে সেটাও খতিয়ে দেখছে। তবে, দেহ যে কয়েকদিন আগে থেকেই এখানে রয়েছে, সে ব্যাপারে পুলিস নিশ্চিত। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই দেহে পচন ধরেছে। সেক্ষেত্রে ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলেও, কেন কেউ রিপোর্ট করল না, সেবিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অন্য জায়গা থেকে দেহ এনে নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এদিন সকালে লাইনের পাশে যেতেই পচা গন্ধ নাকে আসে। তখন সন্দেহ হয়। উঁকি দিয়ে দেখি, ঝোপের ভিতর একটি গাছের তলায় একটা মৃতদেহ পড়ে রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ