সংবাদদাতা, বহরমপুর: বেসরকারি ব্যাঙ্কের ঋণের কিস্তি মেটাতে না পেরে মানসিক চাপে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম রাকিবুল শেখ(৪০)। বাড়ি বহরমপুর থানার নিয়াল্লিশপুর পঞ্চায়েতের বহড়ায়। সোমবার রাতে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাকিবুল সাইকেল সারাইয়ের কাজ করতেন। ব্যবসার জন্য তিনি মাসিক কিস্তিতে স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকা দিতে না পেরে মানসিক চাপে ছিলেন। সোমবার পরিবারের সঙ্গে দুর্ঘটনায় জখম জামাইকে দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন। কিন্তু, একা বাড়ি ফিরে যান। রাত সাড়ে ৯টা নাগাদ পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন, ঘর ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে দেখেন, তাঁর দেহ ঝুলছে। মৃতের আত্মীয় আইজুদ্দিন শেখ বলেন, ব্যাঙ্ক ঋণ ছিল জানতাম। ঋণ পরিশোধ করতে না পেরে মানসিক চাপেই আত্মঘাতী হয়েছে বলে আমাদের অনুমান।