সংবাদদাতা, বহরমপুর: গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম সরস্বতী বিশ্বাস(৬৫)। তাঁর বাড়ি বহরমপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে। দুর্ঘটনার চারদিন পর বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে কাঠের উনুনে রান্না করছিলেন সরস্বতীদেবী। পাশেই গ্যাসের সিলিন্ডার ছিল। গ্যাসের গন্ধ পেয়ে সিলিন্ডারের রেগুলেটর নাড়াচাড়া করতে গিয়েই বিপত্তি ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের ছেলে অখিল বিশ্বাস বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। কেউ একজন বাড়িতে থাকলে হয়তো এই ঘটনা ঘটত না।



