সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরের হরিদাসমাটি এলাকায় ভাগীরথীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। শনিবার সকালে মৃতদেহটি জল প্রকল্পে আটকে থাকতে দেখেন প্রকল্পের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। থানায় খবর দেওয়া হলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাগীরথী নদীতে দেহ ভেসে প্রায়ই জল প্রকল্পে আটকে পড়ে। জল প্রকল্পের কর্মী ছোটন কুণ্ডু বলেন, সকাল ৭টা নাগাদ কাজে যোগ দিতে এসে দেখি, মৃতদেহটি আটকে রয়েছে। সঙ্গে সঙ্গে বহরমপুর থানায় খবর দিই। পুলিস এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, মৃতদেহের পরনে ছিল কালো প্যান্ট ও শার্ট। দেহটি বেশ কয়েকদিন আগের বলেই অনুমান করা হচ্ছে।



