নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে ২৫ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর শহরের একটি রাস্তায় নাকা তল্লাশি চলার সময় একটি চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করতেই এই গাঁজা উদ্ধার হয়। চার যুবক ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ওই গাড়িতে তল্লাশি শুরু করে। অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করেছে বহরমপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, সন্টু শেখ, আবির শেখ, মিঠু শেখ ও মিলন দাস। প্রত্যেকের বাড়ি ইসলামপুর থানা এলাকায়। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, অভিযুক্ত চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কতদিন ধরে মাদক পাচারের কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



