Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহার থেকে এসে নাবালককে বেধড়ক মার, গ্রেপ্তার ভিন রাজ্যের ২ তরুণ

বিহার থেকে এসে নাবালককে বেধড়ক মার, গ্রেপ্তার ভিন রাজ্যের ২ তরুণ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ট্রেনে চড়ে ২০০ কিলোমিটার উজিয়ে এসে অষ্টম শ্রেণির পড়ুয়াকে বেধড়ক মারধর করল বিহারের শেখপুরের দুই সদ্য তরুণ।  অভিযোগ, পাঞ্চ, বেল্ট, লাঠি দিয়ে ১৪ বছরের নাবালককে মারধর করা হয়েছে। চোখ ও মাথায় গুরুতর চোট পাওয়া পড়ুয়ার পরিবার মঙ্গলবার সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিস ফাঁ‌ড়িতে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করে। পুলিস তদন্তে নেমে বিহারের দুই তরুণকে বুধবার গ্রেপ্তার করেছে। পুলিসি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রেমিকাকে নিয়ে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে পুলিসের দাবি। প্রথমে ব্যবসায়ী, তারপর পড়ুয়া আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 
Advertisement
সালানপুর থানার আইসি অমিত হাতি বলেন, পড়ুয়াকে মারধরের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে এই ঘটনা। পুলিস সূত্রে দাবি, বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার সঙ্গে প্রেম হয় এক নাবালিকার। ইনস্টাগ্রামে তাদের যোগাযোগ হয়েছিল। যদিও পরিবারের বাধায় তাদের সম্পর্কে সাময়িক ছেদ পড়ে। মেয়েটি বিহারের কোনও একটি অনুষ্ঠানে গেলে, সেখানে শেখপুরের এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দেয়। এমনকী বিরক্তও করে। মেয়েটি সেই কথা অষ্টম শ্রেণির পড়ুয়া তার প্রেমিককে জানায়। তখন ফোনে ১৪ বছরের ওই কিশোর শেখপুরের তরুণকে ধমক দেয়। সেই থেকেই বিবাদের সূত্রপাত। অষ্টম শ্রেণির পড়ুয়ার কাছে ‘থ্রেট’ পেয়ে ইগোয় লাগে সদ্য সাবালক তরুণের। সে দলবল নিয়ে ট্রেনে চড়ে হাজির হয় রূপানারায়ণপুরে। তদন্তে নেমে সতেন্দ্র কুমার ও গৌরভ কুমার নামে দুই আঠারো বছরের তরুণকে পুলিস গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের আসানসোল আদালতে তোলা হলে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 
সম্পর্কিত সংবাদ