পাটনা: বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। কিন্তু আরজেডির সঙ্গে জোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দল। তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিহার কংগ্রেসের প্রথমসারির নেতা তারিক আনোয়ার। বিহার ভোটে দলের রণকৌশল খোলসা করার দাবিতে চাপ বাড়ালেন তিনি। সদ্যই দিল্লি ভোটে বাজিমাত করেছে বিজেপি। রাজধানীর ফল নিয়ে বিরোধী মঞ্চ ইন্ডিয়া শিবিরে তোলপাড় চলছে। জোটের দুই শরিক আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের লড়াইয়ের সুফল বিজেপি কুড়িয়েছে। রাজনৈতিক মহলে অনেকেই এমনই মত প্রকাশ করেছেন। এরইমধ্যে সোমবার এক্স হ্যান্ডেলে তারিক বলেছেন, ‘কংগ্রেসের রাজনৈতিক কৌশল ব্যাখ্যা করা প্রয়োজন। বিহারের ভোটে দল একক শক্তি লড়বে, না জোট গড়বে, তা স্পষ্টভাবে জানাতে হবে। কারণ, দায়সারা কৌশল তালগোল পাকিয়ে দেয়।’



