নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার ভরদুপুরে বাঁকুড়া শহরের কেন্দ্রস্থল মাচানতলায় ব্লেড নিয়ে তাণ্ডব চালাল নেশাগ্রস্ত এক যুবক। শহরেরই বাসিন্দা ওই যুবকের ব্লেডের আঘাতে ফুটপাতের এক ব্যবসায়ী জখম হন। তাকে নিরস্ত্র করতে গিয়ে অন্যান্য কয়েকজনও ব্লেডে রক্তাক্ত হন। পুলিস ধরতে গেলে ওই যুবক শেষে নিজের নলি কেটে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনায় শহরে শোরগোল পড়ে যায়। পরে পুলিস অভিযুক্ত যুবক সহ জখমদের চিকিৎসার ব্যবস্থা করে। যদিও লিখিত অভিযোগ না হওয়ায় এদিন সন্ধ্যা পর্যন্ত যুবককে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিস জানিয়েছে।
Advertisement
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ মাচানতলা ঘড়ি মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। রবিবার হওয়ায় মাচানতলা মোড়ে তেমন ভিড় ছিল না। বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। মাচানতলায় এক ব্যবসায়ী ফুটপাতে পোশাক ঢেলে বিক্রি করছিলেন। শহরের লোকপুর এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ীর কাছে অভিযুক্ত যুবক যায়। সে ব্যবসায়ীর কাছ থেকে চারটি জামা নিলেও টাকা দেয়নি। ব্যবসায়ী টাকা চাইলে ব্লেড নিয়ে তার পেটে চালিয়ে যায়। ব্যবসায়ী জখম হন। বাজারের মধ্যে ঘটনাটি ঘটায় মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন নেশাখোর ওই যুবককে ঘিরে ধরে। তখন সে অন্যদেরও ব্লেড দিয়ে আঘাত করতে উদ্যত হয়। ঘটনাস্থলের কাছেই বাঁকুড়া সদর ট্রাফিক পুলিসের অফিস রয়েছে। সেখানকার পুলিসকর্মী ও সিভিক ভলান্টিয়াররা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা ওই যুবককে বাগে আনার চেষ্টা করেন। পুলিস ঘিরে ফেলেছে দেখে যুবক প্রথমে পালানোর চেষ্টা করে। পুলিসকর্মীরা তাকে ধরে ফেলেন। নিরস্ত্র করার সময় সে হাতে থাকা ব্লেড দিয়ে নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করে। সে নিজের গলায় এলোপাথাড়ি ব্লেড চালাতে শুরু করে। ব্লেড কেড়ে নেওয়া হলেও সে হাত দিয়ে ক্ষতস্থান চিড়তে থাকে। তখন পুলিসকর্মীরা বেগতিক বুঝে ওই যুবকের হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিস অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ওই যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জখম ব্যবসায়ীরও মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। অন্যান্যদের অবশ্য চোট তেমন গুরুতর ছিল না। বাঁকুড়া সদর থানার এক আধিকারিক বলেন, ব্লেড চালানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আমরা আটক করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এব্যাপারে থানায় সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ওই যুবক দীর্ঘদিন ধরেই নেশা করছে। সে মানসিক অবসাদেও ভুগছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী শেখ পতু বলেন, তোলা চাওয়ার কায়দায় নেশাগ্রস্ত ওই যুবক ব্যবসায়ীর কাছ থেকে বিনা পয়সায় চারটি জামা চেয়েছিল। তা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর পেটে সটান ব্লেড চালিয়ে দেয়। শহরের বুকে এমন ঘটনা ভাবতেই পারছি না।



