Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে মধুচক্রে পুলিসের হানা, গ্রেপ্তার মহিলা সহ তিন

ভূপতিনগরে মধুচক্রে পুলিসের হানা, গ্রেপ্তার মহিলা সহ তিন
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ভাড়াবাড়িতে দিনের পর দিন বসছিল মধুচক্রের আসর। অবশেষে অভিযান চালিয়ে এক মহিলা সহ তিনজনকে পুলিস গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় ভূপতিনগর থানার বাজকুলে এই ঘটনায় দুই যুবতীকে পুলিস উদ্ধার করেছে। যদিও মূল অভিযুক্ত মহিলা অধরা।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতরা হল খেজুরির দক্ষিণ কলমদান গ্রামের শিবশঙ্কর জানা, ভগবানপুরের কোপ্তাবাড়ি গ্রামের কৃষ্ণপ্রসাদ দাস ও ভূপতিনগরের শাদুল্লাচকের রাখি জানা বেহেরা। তাদের মধ্যে প্রথম দু’জন খদ্দের। অপরজন মহিলা এজেন্ট। উদ্ধার হওয়া যুবতীদের বাড়ি খেজুরি ও নন্দীগ্রামে। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে রাখির তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। বাকিদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এদিকে অভিযানে ভূপতিনগরের সিআই শ্যামল চক্রবর্তী, ওসি মহম্মদ মহিউদ্দিন সহ অন্য পুলিস আধিকারিকরা অংশ নেন। ওসি বলেন, ধৃত মহিলাকে জেরা করে পুরো চক্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
উদ্ধার হওয়ার যুবতীদেরও আদালতে তোলা হয়েছিল। গোপন জবানবন্দি রেকর্ড করার পর তাদের হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিস ওই ভাড়াবাড়ি সিল করে দেয়। বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
বাজকুল বাজার এলাকায় ওই বাড়ির মালিক তপন ভুঁইয়া। তিনি হলদিয়ায় থাকেন। তাঁর বাড়িতে স্থানীয় তিওরখালির এক মহিলা ভাড়া থাকত। অভিযোগ, সে একটি কোম্পানির বিভিন্ন সামগ্রী বিক্রির আড়ালে দেহব্যবসার কারবার চালাত। তার কাছেই রাখি এজেন্টের কাজ করত। গোপন সূত্রে এখবর পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিস অভিযান চালায়।
পুলিস জানিয়েছে, মূল অভিযুক্ত বুধবার সকালেই হায়দরাবাদে ছেলের কাছে চলে গিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয়রা পুলিসকে জানান, দিনরাত অনেক ছেলেমেয়ে ওই বাড়িতে যাওয়া-আসা করত। তাঁরা ভেবেছিলেন, ব্যবসায়িক কাজেই তারা আসত। বাড়িটি খালপাড় পর্যন্ত লম্বালম্বি বিস্তৃত। দু’দিকে পাঁচিল রয়েছে। ফলে ভিতরে মধুচক্র চলার কথা কেউ ঘুণাক্ষরেও টের পাননি।
 
সম্পর্কিত সংবাদ