Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে চার ঘণ্টার মধ্যে নিখোঁজ নাবালিকা উদ্ধার

ভূপতিনগরে চার ঘণ্টার মধ্যে নিখোঁজ নাবালিকা উদ্ধার
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: অভিযোগ দায়ের হওয়ার চার ঘণ্টার মধ্যেই প্রেমিকের সঙ্গে পালানো স্কুলছাত্রীকে উদ্ধার করল ভূপতিনগর থানার পুলিস। সোমবার রাত ১০টায় মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করে। রাত ২টায় ময়না থানার বাকচা পঞ্চায়েতের চাঁদিবেনিয়া থেকে ১৪বছরের ওই নাবালিকাকে পুলিস উদ্ধার করে। মঙ্গলবার কাঁথি এসিজেএম কোর্টে তোলা হলে বিচারক ওই ছাত্রীকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত প্রেমিক পলাতক। ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন বলেন, রাত ১০টা নাগাদ অপহরণের অভিযোগ দায়ের হয়। রাত ২টা নাগাদ মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ভূপতিনগর থানার ‌ইটাবেড়িয়ার ক্লাস নাইনের ওই ছাত্রীর সঙ্গে চাঁদিবেনিয়ার এক যুবকের ফেসবুকে আলাপ হয়। ফোনে কথা বলেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সোমবার বিকেলে ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। ইটাবেড়িয়া থেকে বাসে চড়ে হেঁড়িয়ায় পৌঁছায়। হেঁড়িয়া থেকে ছাত্রীকে নিয়ে বাড়ি পৌঁছে যায় ওই যুবক। সোমবার রাত ১০টা নাগাদ মেয়েটির বাবা-মা ভূপতিনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম রা঩তেই চাঁদিবেনিয়া গ্রামে পৌঁছে যায়। রাত ১২টা নাগাদ পুলিস ওই যুবকের বাড়িতে গেলেও সেখানে ছাত্রী বা তার প্রেমিক কেউ ছিল না। পুলিস নাবালিকাকে আনার জন্য যুবকের বাবা-মা’র ওপর চাপ বাড়ায়। এলাকার বাসিন্দারাও পুলিসের সঙ্গে সহযোগিতা না করলে একঘরে করে দেওয়ার হুঁশিয়ারি দেন। শেষমেশ গ্রামেরই একটি বাড়ি থেকে ওই নাবালিকাকে এনে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত যুবক ভিনরাজ্যে কাজ করে। তার আর্থিক অবস্থা বেশ ভালো বলে ওই নাবালিকাকে জানিয়েছিল। যদিও তার সবটা ঠিক নয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ