সংবাদদাতা, কাঁথি: ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়ায় বাইকে চেপে এক ব্যক্তির ৫০হাজার টাকা ছিনতাই করল দুই দুষ্কৃতী। তদন্তে নেমে পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত বুদ্ধদেব হাজরার বাড়ি ভূপতিনগরের কিসমত-বাজকুল এলাকায়।
Advertisement
পুলিস জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ভূপতিনগরের ইটাবেড়িয়ার একটি সমবায় ব্যাঙ্ক থেকে ৫০হাজার টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন বাসুদেববেড়িয়ার বাসিন্দা গৌরহরি প্রধান। সেসময় মানিকজোড়ের কাছে দু’জন বাইক আরোহী তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে গৌরহরিবাবু চিৎকার করলেও ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। এরপরই গৌরহরিবাবু থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সহ নানা সূত্র ধরে বুধবার রাতে বুদ্ধদেবকে গ্রেপ্তার করে পুলিস। তবে অপর ছিনতাইকারী পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। ছিনতাই হওয়া টাকা এখনও উদ্ধার হয়নি। পুলিস জানতে পেরেছে, এরা আগেও এরকম ছিনতাই করেছে। গৌরহরিবাবু ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরই দুষ্কৃতীরা বাইকে তাঁর পিছু নেয়। মানিকজোড়ের কাছে ফাঁকা জায়গায় সুযোগ বুঝে টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়।



