সংবাদদাতা, শীতলকুচি: রবিবার শীতলকুচি ব্লকের ভাঐরথানায় শুরু হল আনন্দ মেলা। ভাঐরথানা দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই মেলা। এদিন আনন্দ মেলার উদ্বোধন করেন প্রাক্তন বনমন্ত্রী হিতেন বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন শীতলকুচি কলেজের পরিচালন সমিতির সদস্য তপনকুমার গুহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন প্রমুখ। মেলা কমিটির সভাপতি চন্দন প্রামাণিক জানান, এ বছর পঞ্চম বর্ষ মেলা। ১২ দিন ধরে এই মেলা চলবে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, চড়কি সহ একাধিক রাইড এসেছে। ঘর সাজানোর জিনিসপত্র, খাবারের দোকান নিয়ে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।



