Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনরাজ্যের শীতবস্ত্র বিক্রেতাদের পরিচয়পত্রের কপি থানায় জমা দিতে নির্দেশ  

ভিনরাজ্যের শীতবস্ত্র বিক্রেতাদের পরিচয়পত্রের কপি থানায় জমা দিতে নির্দেশ
 
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ভিনরাজ্য থেকে আসা শীতবস্ত্র বিক্রেতাদের পরিচয়পত্রের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিস। ওই ব্যবসায়ীরা যেসব বাড়িতে ভাড়া থাকছেন বা দোকান করেছেন, তার চুক্তিপত্রও আরামবাগ থানায় জমা দিতে বলা হয়েছে। যে কোনও ধরনের অপরাধ ঠেকাতে আগাম এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, প্রতিবছর শীতের মরশুমে ভিনরাজ্য থেকে অনেক ব্যবসায়ী আরামবাগে আসেন। তাঁদের তথ্যপঞ্জি তৈরি করার লক্ষ্যেই থানায় নথি দিতে বলা হয়েছে।
Advertisement
শুক্রবার এসডিপিও, আরামবাগ থানার আইসি রাকেশ সিং শহরের বাজার এলাকা পরিদর্শন করেন। কয়েকদিন ধরে ক্রমাগত সব্জির মূল্যবৃদ্ধির খবর আসছিল। এদিন সব্জি বাজারে গিয়ে তার খোঁজ নেন পুলিস আধিকারিকরা। রাস্তা ও ফুটপাত দখল করে অনেক ব্যবসায়ী পসরা সাজিয়েছেন। তাঁদের সেই জায়গা থেকে সরে যেতেও বলা হয়েছে। মহিলাদের নিরাপত্তার বিষয়টি দেখতে বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিসের কর্তারা গিয়েছেন। তাঁদের সঙ্গে ছিল উইনার্স টিম। সেখানে মহিলাদের নিরাপত্তার বিষয়ে পুলিস আশ্বস্ত করেছে।
শীতের মরশুম শুরুর আগেই আরামবাগ শহরে উত্তরপ্রদেশ সহ নানা রাজ্য থেকে ব্যবসায়ীরা এসেছেন। অনেকে শীতবস্ত্রের দোকান দিয়েছেন। সেসব ব্যবসায়ীর একাংশের সঙ্গেও এদিন দুই আধিকারিকের কথা হয়েছে। ব্যবসায়ীদের পরিচয়পত্র, বাড়ির মালিকদের চুক্তিপত্রের কপি ও অন্য নথি থানায় জমা দিতে বলা হয়েছে। বাকি শীতবস্ত্র বিক্রেতাদেরও এখবর জানিয়ে দেবে পুলিস।
সম্পর্কিত সংবাদ