সংবাদদাতা, শীতলকুচি: ভিনরাজ্যে কাজে গিয়ে এক নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের সাহুডাঙ্গিতে। পুলিস জানিয়েছে, ইটভাটার ঘর থেকে বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানাগিয়েছে, এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে শীতলকুচি পঞ্চায়েতের রানিরদিঘি এলাকার এক কিশোরের সঙ্গে গোঁসাইরহাট পঞ্চায়েতের ওই কিশোরী পালিয়ে বিয়ে করে। কয়েকদিন আগে কিশোরীর পরিবারের সঙ্গে বিহারের একটি ইটভাটায় তারা কাজে যায়। এক সপ্তাহ আগে কিশোর বাড়িতে ফেরে। বুধবার কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



