Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনরাজ্যে শ্রমিক, ঘর পুড়ল আগুনে

ভিনরাজ্যে শ্রমিক, ঘর পুড়ল আগুনে
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: চাঁচল-২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুরে এক পরিযায়ী শ্রমিকের বাড়ি আগুনে ভস্মীভূত হল। শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, রামপুরের কামাল আলির বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। তিনি সপরিবার ভিনরাজ্যে রয়েছেন। দুপুরে হঠাৎই ঘর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। সাব মার্সিবল থেকে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষরক্ষা হয়নি। ঘরের টিভি, আলমারি, শোকেস সহ সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যায়। কামালের বাবা আব্দুল রউফ বলেন, বাড়তি উপার্জনের আশায় ছেলে পরিবার নিয়ে ভিনরাজ্যে রয়েছে। আগুনের ঘটনায় সে নিঃস্ব হয়ে গেল।
Advertisement
কামাল ফোনে আক্ষেপ করে বলেন, বাড়ি ফিরে থাকব কোথায়? চাঁচল দমকল কেন্দ্রের ইনচার্জ রতনকুমার সিংহ বলেন, অগ্নিকাণ্ডের জেরে ঘরে থাকা ইলেকট্রিক মিটার সহ সবকিছু পুড়ে নষ্ট হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। 
সম্পর্কিত সংবাদ