Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাহিনের পিরস্থান-বিপ্রডাঙি, ২ কিমি রাস্তা একেবারেই বেহাল

বাহিনের পিরস্থান-বিপ্রডাঙি, ২ কিমি রাস্তা একেবারেই বেহাল
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বেহাল অবস্থা থাকলেও দীর্ঘ বছর বাহিন গ্রাম পঞ্চায়েতের মধুপুর পিরস্থান থেকে বিপ্রডাঙি পর্যন্ত ২ কিমি রাস্তার দিকে কেউ ফিরেও তাকায়নি। খানাখন্দে ভরা রাস্তা যেন চড়াই-উতরাই। বর্ষার সময় সেই সব খানাখন্দে জমে যায় এক হাঁটু জল। কখনও কখনও আবার বাইক, টোটো উল্টে গিয়ে ঘটে যায় দুর্ঘটনাও। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছছে যে দুর্ঘটনার ভয়ে অনেকেই ওই রাস্তায় টোটো নিয়ে ঢুকতে চায় না। আর এই রাস্তা দিয়ে নিত্যদিন ভোগান্তির চলাচল নিয়ে ফুঁসছেন বাহিনের বড় চাপদুয়ার নারায়ণপুর এলাকার কয়েক হাজার বাসিন্দা। 
Advertisement
এলাকার বছর পঞ্চাশের বাসিন্দা নৃপেন্দ্র রায়ের অভিযোগ, আশপাশের গ্রামে বহু রাস্তা হয়েছে। কিন্তু আমাদের মধুপুর পিরস্থান থেকে বিপ্রডাঙি পর্যন্ত রাস্তার আজ পর্যন্ত কোনও সদগতি হল না। দীর্ঘ বছর আমাদের গ্রামে পঞ্চায়েত সামলেছে কংগ্রেস। তারপর কয়েক বছর সিপিএমও ছিল। কিন্তু সকলে শুধু আশ্বাস দিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। ওই গ্রামেরই আরেক বাসিন্দা স্বপন দাস বলেন, আমাদের এই রাস্তাটি কোনওদিনও পাকা রাস্তার রূপ পায়নি। এলাকায় কংগ্রেসের সময় একবার বেড মিশালি ফেলা হয়েছি। ওই শুরু, ওই শেষ। তারপর ভোট আসে ভোট যায়। পাকা রাস্তার মুখ আর দেখেননি বাসিন্দারা। সপ্তাহে একদিন শনিবার বারদুয়ারিতে হাট বসে। সেখানেও গ্রামের মানুষজন বাধ্য হয়ে এই রাস্তা ধরেই যান। গ্রামে একটি প্রাথমিক স্কুল থাকলেও এই রাস্তা পেরিয়েই ছেলেমেয়েরা ৪ কিমি দুরে হাইস্কুলে যায়। এদিকে এই সমস্যার কথা স্বীকার করে বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলি বলেন, সম্প্রতি রাস্তাটি তৈরির ব্যাপারে উদ্যোগ শুরু হয়েছে। রাস্তার ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসার পরই এনিয়ে প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়। ওয়ার্ক অর্ডার দিলেই এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু করবে জেলা পরিষদ। 
সম্পর্কিত সংবাদ