সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গঙ্গা ভাঙন প্রতিরোধে পথে আমজনতা। বুধবার মালদহের রতুয়া-১ ব্লক প্রশাসনকে নদফা দাবি জানাল গঙ্গাভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি। দেওয়া হয় স্মারকলিপি।
Advertisement
ব্লকের ভাঙন কবলিত অসহায় পরিবারগুলির পুনর্বাসন, বন্যায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের বাড়ি মেরামতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং প্রত্যেকের বাংলা আবাস যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাই মূল দাবি। এর পাশাপাশি, বন্যায় নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ, বন্যায় যেসব রাস্তা ভেঙেছে সেগুলো দ্রুত সংস্কার, ভাঙন রোধে শুখা মরসুমে অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করার মতো দাবি তুলে ধরা হয়। এদিন নয় দফা দাবিপত্র রতুয়া-১ এর বিডিও রাকেশ টোপ্পোর হাতে তুলে দেয় সংগঠনটি। উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদীর বক্স, সংগঠনের জেলা মুখপাত্র তরিকুল ইসলাম, জেলা সংগঠক মোসারেকুল আনোয়ার। জেলা সংগঠক বলেন, ব্লক প্রশাসন বিভিন্ন টেকনিক্যাল বিষয় দেখিয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যেতে চায়। শেষে বেলা তিনটার দিকে অনেকবার বলার পর তিনজন প্রতিনিধিকে সাক্ষাৎ করার অনুমতি দেয়। বহু দূর থেকে অসা ভাঙন পীড়িত ও বন্যা কবলিত মানুষের পুনর্বাসন ও গৃহ নির্মাণের ক্ষতিপূরণের দাবি বিডিও শুনতেই চাননি। যদিও রতুয়া- ১ এর বিডিও রাকেশ টোপ্পো বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। দাবিপত্র গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রশাসন মানুষের পাশে আছি।



