Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনদেশে কাজের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে উধাও যুবক

ভিনদেশে কাজের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে উধাও যুবক
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: ভিনদেশে কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তপনকুমার রায় নামে ওই যুবকের বিরুদ্ধে তেহট্ট থানায় শনিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। অভিযুক্ত যুবক পলাতক। অভিযুক্তের বাড়ি তেহট্ট থানার বেতাই সন্ন্যাসীতলায়। পুলিস তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে টিটাগড় ডাকঘরে পাওয়া ৪৯টি পাসপোর্টের সূত্র মিলেছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। যদিও এরমধ্যে কোন জাল পাসপোর্ট পাওয়া যায়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। 
Advertisement
পুলিস ও প্রতারিতদের সূত্রে জানা গিয়েছে, তপনকুমার রায় ভিনদেশে বিশেষ করে ডেনমার্কে কাজের প্রতিশ্রুতি দিয়ে বেতাই ও আশপাশের এলাকা থেকে প্রায় ৪৯ জন যুবকের থেকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা নেন। বিদেশ যাওয়ার জন্য ওই ৪৯ জনের পাসপোর্ট তাঁর কাছে জমা রাখে ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতিতে। এরপর এমাসের ১৫ তারিখ তাঁদের ভিসা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন অভিযুক্ত প্রত্যেককে ২০ তারিখ ভিসা দেবেন বলে জানান। এরমধ্যে ২০ তারিখ বিকাল বেলা অভিযুক্ত কাউকে কিছু না বলে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। ২১ তারিখে অভিযুক্তের বাড়িতে গিয়ে কর্মপ্রার্থীরা দেখেন, বাড়ি তালা বন্ধ। এরপর তাঁরা বুঝতে পারেন যে, অভিযুক্ত তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। তারপরেই তাঁরা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিস তদন্ত শুরু করেছে। এরমধ্যে টিটাগড় ডাকঘরে তেহট্ট এলাকার ৪৯টি পাসপোর্ট পাওয়া যায়। সেই সব পাসপোর্ট জাল কি না, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। টিটাগড় ডাকঘর খড়দহ থানায় বিষয়টি দেখার জন্য বলে। সেই মতো খড়দহ থানা তেহট্ট থানাকে বিষয়টি জানায়। এরমধ্যে থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় পুলিসের তদন্ত সহজ হয়। 
পুলিস সুত্রে আরও জানা গিয়েছে, ওই পাসপোর্টের সঙ্গে বাংলাদেশের কোনও যোগ পাওয়া যায়নি। এই প্রতারণার ঘটনায় অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস। তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস বলেন, আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। 
সম্পর্কিত সংবাদ