Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিন জেলার মানুষের বসবাসের ঝোঁক ক্রমশ বেড়ে চলেছে বাঁকুড়ায়

ভিন জেলার মানুষের বসবাসের ঝোঁক ক্রমশ বেড়ে চলেছে বাঁকুড়ায়
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: মাওবাদী আতঙ্ক এখন ইতিহাস। শিক্ষা, চিকিৎসা, পরিবেশ ও নিরাপত্তার উন্নতি হওয়ায় ভিন জেলা থেকেও বহু মানুষ বাঁকুড়া জেলায় পাকাপাকিভাবে বাস করতে আসছেন। নির্বাচন কমিশনের তথ্যে এমনটাই উঠে এসেছে। শুধু তাই নয়, মহিলাদের জন্যও বাঁকুড়া সুরক্ষিত। তাই এজেলায় ভোটার কার্ড স্থানান্তরের আবেদনকারীদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলায় ভোটার কার্ড স্থানান্তরের জন্য এরাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও আট নম্বর ফর্ম ফিলআপ করেছেন। বর্তমানে তাঁরা বাঁকুড়ায় পাকাপাকিভাবে বাস করতে চাইছেন।
Advertisement
বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজনের কাজ সম্পূর্ণ হয়েছে। ৫ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ভিন জেলার বহু মানুষ বাঁকুড়ায় আসার জন্য আট নম্বর ফর্ম পূরণ করেছেন। তথ্য যাচাইয়ের কাজও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই তাঁরা নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন।
বাঁকুড়া জেলায় এবার নতুন ভোটার হওয়ার জন্য ৬ নম্বর ফর্ম ফিলাপ করেছেন ৩৭৬৮৮জন। তার মধ্যে ১৯১৭৫জন পুরুষ ও ১৮৫১১জন মহিলা। এছাড়া, দু’জন ট্রান্সজেন্ডার রয়েছেন। অন্য জেলা থেকে ভোটার কার্ড স্থানান্তরিত করতে ৫৪৬৮জন আট নম্বর ফর্ম ফিলআপ করেছেন। তাঁদের মধ্যে ৯৪৩জন পুরুষ ও ৪৫২৪জন মহিলা। একজন ট্রান্সজেন্ডার। সবমিলিয়ে, জেলায় ৪৩১৫৬জন ভোটার বাড়ছে।
বাম আমলে মাও আতঙ্কে ভুগত জঙ্গলমহল। সেসময় কর্মসূত্রে আসা মানুষ এজেলায় পাকাপাকিভাবে বসবাসের কথা ভাবতেন না। অন্য জেলার পর্যটনপ্রেমীরাও বাঁকুড়ার রানি মুকুটমণিপুরকে এড়িয়ে চলতেন। রাজ্যে পালাবদলের পর মাও আতঙ্ক ইতিহাস। শান্ত জঙ্গলমহলের প্রকৃতিও পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়েছে। শুশুনিয়া পাহাড়, বিষ্ণুপুরের মতো তীর্থক্ষেত্র রয়েছে। শিক্ষাক্ষেত্রে বাঁকুড়া ধারাবাহিকভাবে সফল। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাক্ষেত্রে রাজ্যে প্রথম সারিতে রয়েছে। গত কয়েকবছরে কোথাও অশান্তির আঁচও পাওয়া যায়নি। শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিসের সতর্ক নজর রয়েছে। তাই এবার ভিনজেলা থেকে অনেকেই বাঁকুড়ায় বসবাস করতে আসছেন।
সম্পর্কিত সংবাদ