Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত ভারতেও

ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত ভারতেও
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কাঠমাণ্ডু: ফের ভূমিকম্প নেপালে। বৃহস্পতিবার রাত পৌনে তিনটে নাগাদ কেঁপে ওঠে হিমালয়ের কোলের এই দেশ। নেপাল সংলগ্ন ভারতের বহু এলাকাতেও কম্পন অনুভূত হয়। বিহার, উত্তরবঙ্গের বহু এলাকার মাটি কেঁপেছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। আতঙ্কে বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে। ন্যাশনাল আর্থকোয়েক মনিটারিং অ্যন্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কাঠমাণ্ডু থেকে ৬৫ কিমি পূর্বে সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড এই ভূমিকম্পের উত্সস্থল বলে জানিয়েছে সংস্থাটি। রাজধানী কাঠমাণ্ডু ছাড়াও দক্ষিণ ও পূর্ব নেপালেও কম্পন অনুভূত হয়। কাঠমাণ্ডুতে দুজন আহত হওয়ার খবর মিলেছে। অন্যদিকে, ভূমিকম্পের পর চৌতারা জেল থেকে এক বন্দি পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়। এছাড়া সিন্ধুপালচকের বাসিন্দা এক বৃদ্ধ বাড়ি থেকে বেরতে গিয়ে আহত হন। সিন্ধুপালচকের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। নেপালের পর বিহারের মুজফফরপুর, সমস্তিপুর সহ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়। বিহার সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর (ডিএমডি) জানিয়েছে, রাজ্যে ৫.৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছ। ডিএমডির এক আধিকারিক জানিয়েছেন, সিওয়ান, পাটনা, গোপালগঞ্জ, সারন, পশ্চিম ও পূর্ব চম্পারণের মাটিও কেঁপেছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃহস্পতিবার রাতে ভূমিকম্প টের পেয়েছেন বাসিন্দারা। সিসমিক জোন চার ও পাঁচের মধ্যে পড়ে নেপাল। যা এই পাহাড়ি দেশকে ভূমিকম্পপ্রবণ করে তুলেছে। ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। মৃত্যু হয় ৯ হাজারেরও বেশি মানুষের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ