Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তার সংস্কারের দাবি, হরিহরপাড়ায় অবরোধ

বেহাল রাস্তার সংস্কারের দাবি, হরিহরপাড়ায় অবরোধ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বেহাল রাস্তা। সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন বাসিন্দারা। কিন্তু, প্রশাসনের কোনও হেলদোল দেখা যায়নি। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ততম রাস্তায় বাঁশ বেঁধে, চেয়ার টেবিল পেতে শতাধিক মানুষ অবরোধে শামিল হন। প্রায় তিনঘণ্টা ধরে চলে বিক্ষোভ অবরোধ। সোমবার সকালে হরিহরপাড়া ব্লকের গোবরগাড়া এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে জন প্রতিনিধিরা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারীদের দাবি, কারখানা মোড় থেকে হোসেনপুর মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তা তিন বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। খানা খন্দে ভরা রাস্তা হেঁটে যাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। এলাকায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। সব সময় ইট ও মাটি বোঝাই গাড়ি যাতায়াত করে। ইটভাটার গাড়ির দাপটে ধুলো বালিতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, গাড়ির ধুলোয় বাড়ি ঢেকে যাচ্ছে। জামা, কাপড়, খাবারে ধুলো উড়ে আসছে। বেহাল রাস্তার কারণে চরম সমস্যায় পড়েছি। আমরা বহুবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু, প্রশাসন বা জন প্রতিনিধিদের কেউ গুরুত্ব দেয়নি। 
Advertisement
বাসিন্দাদের দাবি, রাস্তা খারাপের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগে দু’বার রাস্তা অবরোধ করেও কোনও সুফল মেলেনি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা মরিয়া হয়েই গোবড়াগাড়ায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ শুরু করেন। সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত গাড়ি আটকে থাকে। স্থানীয় বাদিন্দা রেজাউল ইসলাম বলেন, ইটভাটার মালিকদের কাছে রাস্তায় জল দেওয়ার অনুরোধ করেছি। একদিন গাড়ি আটক করায় পরপর দু’দিন জল দিয়েছিল। আবার একই অবস্থা। বর্ষায় দুর্ভোগ আরও বাড়ে। জন প্রতিনিধিরা এসে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়ার পরই অবরোধ ওঠে। 
মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজোহা বিশ্বাস বলেন, রাস্তাটি স্কিমে রাখা হয়েছে। খুব সম্প্রতি টেন্ডার ডেকে সংস্কারের কাজে হাত দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ