সংবাদদাতা, কুমারগ্রাম: গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে ওই দিয়ে পথ চলাই দায় হয়ে পড়ে। প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি সুরাহা। অবশেষে সোমবার স্থানীয় কয়েকজন নিজেদের খরচেই রাস্তাটি সংস্কার করলেন। কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-২ পঞ্চায়েতের পূর্ব নারারথলি মৌজার ১৪৪ নম্বর বুথের দেড় কিমি রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন মহলে আবেদন করে মিলেছে শুধু আশ্বাস। বর্ষাকালে ওই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এদিন স্থানীয় কয়েকজন নিজেদের খরচে ওই রাস্তা মেরামত করেছেন। খুশি এলাকার সাধারণ মানুষ।



